সময় যতই যাচ্ছে জনসমাগম আরো বাড়ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও গতকাল রাত থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরেজমিনে দেখা গেছে, মতিঝিল, আরামবাগ, কমলাপুর, কাকরাইল, ফকিরাপুল, শান্তিগর থেকে মালিবাগ পর্যন্ত চলে গেছে জনস্রোত। মঞ্চে দেশের গান পরিবেশিত হতে দেখা গেছে।
সিরাজগঞ্জ থেকে সমাবেশে আসা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমার মনে হয় ১৫ লাখ মানুষ হয়েছে। যেদিকে যাচ্ছি সবখানেই মানুষ।
এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকেই নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে এসে রাজধানীতে অবস্থান করা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছেছেন। নেতাকর্মীদের মিছিল, শ্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা দেখা গেছে। ইতোমধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পন্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।