সুশীল সমাজের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক বুদ্ধিজীবী আছেন। নানা কথা বলেন। মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন। তাদের কাজই হচ্ছে বিভ্রান্ত করা। গণতন্ত্র থাকলে তাদের নাকি মূল্য থাকে না। আর যদি কোনো অস্বাভাবিক সরকার হয়, তাদের মূল্য নাকি বেড়ে যায়। কার কত মূল্য এখন দাঁড়িপাল্লায় মেপে তাদের দেখতে হবে। কার কত মূল্য, সেটা আমরা দেখতে চাই। ক্ষমতায় থাকতে দেশের মানুষের তো ভাগ্য পরিবর্তন হয়নি।
জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। এতে আরও বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী জাহাঙ্গীর কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। জনসভাকে কেন্দ্র করে কলাবাগান মাঠসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এ সময় আশপাশের এলাকায় ছিল তীব্র যানজট।
সন্তান হয়ে আপনাদের আগলে রাখব : নির্বাচনি জনসভায় ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, একসময় বাবা-মা সন্তানকে আগলে রাখেন। আবার সন্তান বড় হলে বাবা-মাকে দেখে রাখেন, আগলে রাখেন। আমিও আপনাদের (শেখ হাসিনা ও শেখ রেহানা) সন্তানের মতো, আমি আপনাদের আগলে রাখব; এই এলাকায় আপনাদের দেখেশুনে রাখব।
ফেরদৌস বলেন, আজ আমাদের মাঝে দখিনের বাতাস হয়ে এসেছেন প্রধানমন্ত্রী। তিনি আমাকে এ মর্যাদাপূর্ণ ঢাকা-১০ আসনে মনোনীত করেছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ঢাকা আসনের মানসম্মান ধরে রাখব।
তিনি বলেন, আমাকে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একটি সাজানো বাগান দিয়েছেন। এই বাগানের মালী হিসাবে এটি পরিচর্যা করলেই হবে। ইনশাআল্লাহ ৭ জানুয়ারি সবচেয়ে বেশি ভোট নিয়ে আসনটি আপনাকে উপহার দিতে চাই।
তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে-ওবায়দুল কাদের : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। তারেক বাংলাদেশের কলঙ্কিত সন্তান। এই তারেকের বিরুদ্ধে একসঙ্গে খেলা হবে। এ সময় জনসভার প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, খেলা হবে, হবে খেলা, বিএনপি কোথায়? মাঠে আছে? কোথায় গেছে? পালিয়ে গেছে? খেলা থেকে বাদ, ফাউল করে লাল কার্ড খেয়েছে। লাল কার্ড খেয়ে ২৮ তারিখেই বাদ। ফাইনাল খেলা ৭ জানুয়ারি। খেলা হবে সাত তারিখে।
তিনি বলেন, এদের লাল কার্ড দেখিয়ে বের করে দিতে হবে। বিএনপি স্বাধীনতাবিরোধী, লুটতরাজ, দুর্নীতিবাজ ষড়যন্ত্রকারী। তাদের স্থান বাংলার মাটিতে হবে না। যারা আমার প্রিয় জন্মভূমিকে পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। খেলা হবে। জোরদার খেলা হবে। আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে, অবরোধের বিরুদ্ধে খেলা হবে।