শনিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেয়নি পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তবে চেয়ারপারসন হিসেবে খড়গের নাম প্রকাশ্যে আসতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন, ‘এটাই তো আমাদের নেত্রী মমতা বলেছিলেন। তাহলে এতদিন ধরে জলঘোলা করে লাভ কী হলো?’
‘ইন্ডিয়া’র আগের বৈঠক হয়েছিল গত ১৯ ডিসেম্বর। যদিও সেই বৈঠক ছিল মুখোমুখি। সেখানে মমতা প্রস্তাব দিয়েছিলেন যে খড়গেকে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হোক। মমতার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। যদিও সেখানে এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।