ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে মেলবোর্নের মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে মঙ্গলবার হামলা চালায় খলিস্তানিরা। রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদি হিটলার’-সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয়। প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে, হামলার নেপথ্যে রয়েছে খলিস্তানি স্বাধীনতাকামী ভিন্দ্রাওয়ালার অনুগামীরা। পৃথক খলিস্তান রাজ্যের অন্যতম প্রধান দাবিদার ছিলেন ভিন্দ্রাওয়ালা। অন্তত ২০ হাজার হিন্দু ও শিখকে হত্যা করার অভিযোগ ছিল এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে। পরে ভারতের সেনাবাহিনী তাকে হত্যা করে।
স্থানীয় বাসিন্দারাই সকালে উঠে মন্দিরের দেয়ালে ভারত বিরোধী স্লোগান দেখতে পান। এক ব্যক্তি জানিয়েছেন, “আমি সকালে উঠে মন্দিরে গিয়ে দেখি হিন্দু বিরোধী স্লোগানে দেওয়াল ভরে গিয়েছে। খলিস্তানিরা যেভাবে হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করেছে, তা দেখে আমার ভয় লাগছে।” এই হামলার তীব্র নিন্দা করেছে মন্দির কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার বিশ্ব হিন্দু পরিষদের তরফে বলা হয়েছে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
মেলবোর্নের জনপ্রতিনিধি ইভান মুলহল্যান্ডও এই হামলার নিন্দা করেছেন। “ভিক্টোরিয়ার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে এই ভাঙচুরের ঘটনা। এরকম পবিত্র সময়ে হিন্দুদের প্রতি এমন বিদ্বেষমূলক আচরণ একেবারেই মেনে নেয়া যায় না।” জানা গিয়েছে, মেলবোর্নের হিন্দুরা সম্মিলিতভাবে এই হামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গত বছর থেকেই অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে হামলা হচ্ছে, এই মর্মে পুলিশ ও সাংসদদের কাছে অভিযোগ জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি।