ঈদ-উল-আজহার দিন সোমবার দুপুর থেকে সাভার চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর কাঁচা চামড়া ঢুকতে শুরু করে। মঙ্গলবার বিকেল পর্যন্ত সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অবস্থিত এই চামড়া শিল্পনগরীতে ৪ লাখ ৬০ হাজার কাঁচা চামড়া এসেছে। অন্যদিকে, ঢাকার লালবাগের পোস্তায় দেড় লাখের মতো চামড়া সংগ্রহ করা হয়েছে। সবমিলিয়ে দুই দিনে ৬ লাখের বেশি কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলের দিকে সাভার চামড়া শিল্পনগরী ঘুরে দেখা যায়, চামড়াবাহী ট্রাক ঢুকছে শিল্পনগরীতে। আর ট্যানারিগুলোতে চলছে কর্মব্যস্ততা। কাঁচা চামড়ায় লবণ মাখাচ্ছেন শ্রমিকরা। থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে এসব লবণ মাখানো চামড়া।