এরদোগান আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন। রোববার দলীয় সমাবেশে নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে ইতিহাস টেনে তিনি বলেন, ‘তুরস্ক লিবিয়া এবং নাগর্নো-কারাবাখের মতো ইসরায়েলে প্রবেশ করতে পারে।’ যদিও তিনি কী ধরনের হস্তক্ষেপের কথা বলেছেন, তা উল্লেখ করেননি।
এরদোগান তার ক্ষমতাসীন একে পার্টির বৈঠকে আরও বলেন, ‘আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে, যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে।’
তিনি বলেন, ‘আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি। আমরা তাদের (ইসরায়েল) সঙ্গেই তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে।’
এরদোগানের মন্তব্য সম্পর্কে একে পার্টির প্রতিনিধিদের কাছে রয়টার্স আরও বিস্তারিত জানতে চাইলে তারা সাড়া দেননি। ইসরায়েল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।