এ সময় বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, বাংলাদেশ বন্ধুরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ, তারা আমাদের সহায়তা করেছে। বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। দুই সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন।
ছাত্র আন্দোলন হতাহতদের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন ড. ইউনূস। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগরিকেরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি, যা বাংলাদেশে হয়েছে।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। ঠিক করতে সময় লাগবে। আশা করি, নতুন বাংলাদেশে তৈরিতে সকলেই পাশে থাকবেন।
আওয়ামী লীগ ও তার দলবলের হামলায় ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে বলেও জানান ড. ইউনূস। তিনি বলেন, অনেক ছাত্রের চোখে গুলি লেগেছে। তাদের দেখতে গিয়েছিলাম। জানি না তাদের কী হবে।
আওয়ামী লীগ সরকারের দুর্নীতিসহ ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।