মহালয়ার সাত দিন পর আগামী ৯ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দোলা বা পালকিতে চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোক বা পৃথিবীতে আসবেন। যার ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে। দেবী স্বর্গলোকে বিদায় নেবেন গজ বা হাতিতে চড়ে। যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে।
মহালয়া উপলক্ষে বুধবার মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ভোর ৬টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে বছরের দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হবে মন্দিরের নিজস্ব জলাশয়ে। এরপর সকাল সাড়ে ৭টায় পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে তিল-তর্পণ এবং সকাল সাড়ে ৮টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন করা হয়। মহালয়া অনুষ্ঠানে পরিবেশিত হয় চণ্ডীপাঠ ও সংগীত।