বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল নেমেছে। দুপুরের আগে থেকে তারা শহীদ মিনারে জড়ো হতে থাকে। বিকেল সাড়ে ৩টার দিকে দেখা যায়, বিভিন্ন জেলা ও থানা থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছে। এখনো অনেক মিছিল আসছে। উপস্থিতদের মধ্যে অধিকাংশই তরুণ।
ছাত্র-জনতার উপস্থিতিতে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়েছে। শহীদ মিনারের স্থান পেরিয়ে দুপাশের পথে এবং আশেপাশে অনেকে স্থান ছাত্র-জনতায় পূর্ণ হয়ে গেছে। তারা নানা স্লোগান দিচ্ছে। তারা জুলাই অভ্যুত্থানের সময়ের জনপ্রিয় স্লোগানগুলো পুনরায় দিচ্ছে।
এ সময় ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগান দিতে শোনা যায়। অনেকে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন।