তার মৃত্যু ঘটেছে এমন এক সময়, যখন মাত্র একদিন আগেই তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইস্টার শুভেচ্ছা বিনিময় করেছিলেন। এর আগে ট্রাম্প প্রশাসনের অভিবাসন প্রত্যাবাসন নীতিকে ঘিরে পোপ ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল।
এপির তথ্য অনুযায়ী, ভ্যাটিকান হোটেলের এক রিসেপশন কক্ষে পোপ ফ্রান্সিস ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে সাক্ষাৎ দেন। এ সময় তিনি ভ্যান্সের সন্তানদের জন্য তিনটি চকোলেট ইস্টার ডিম, একটি ভ্যাটিকান টাই এবং কিছু রোজারি উপহার দেন।
গতকাল রোমের সেন্ট পিটার্স স্কয়ারে ইস্টার মাস উদযাপিত হলেও, পোপ তা অন্য এক কার্ডিনালের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহণকারী হোর্হে মারিও বেরগোলিও ১৯৫৮ সালে এক গুরুতর অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠার পর যাজক জীবন বেছে নেন। ১৯৬৯ সালে তিনি পুরোহিত হিসেবে অভিষিক্ত হন এবং ১৯৯৮ সালে বুয়েন্স আয়ার্সের আর্চবিশপ নিযুক্ত হন। ২০০১ সালে তিনি কার্ডিনাল নির্বাচিত হন।
২০১৩ সালে পোপ বেনেডিক্ট ষোড়শ-এর পদত্যাগের পর অনুষ্ঠিত প্যাপাল কনক্লেভে তাকেই পোপ হিসেবে নির্বাচন করা হয়। তিনি ‘ফ্রান্সিস’ নামটি বেছে নেন সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির প্রতি শ্রদ্ধা জানিয়ে।
পোপ হিসেবে তার সময়কালে তিনি ক্যাথলিক চার্চের আরও অন্তর্ভুক্তিমূলক অবস্থানকে তুলে ধরেন, বিশেষ করে ভিন্ন সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল মনোভাব, পুঁজিবাদের সমালোচনা, জলবায়ু পরিবর্তন এবং মৃত্যুদণ্ডের বিরোধিতার মধ্য দিয়ে তিনি আলাদা পরিচিতি লাভ করেন।