যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী তালিকা থেকে ৪৩ বছর বয়সি শারার নাম বাদ দেওয়ার কয়েক দিন পরই তিনি ওয়াশিংটন সফরে যান। শারার নেতৃত্বাধীন গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) আগে আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন, শারার সফরকালে সিরিয়া ইসলামিক স্টেটবিরোধী বৈশ্বিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয়। এর মাধ্যমে সিরিয়া এ জোটের ৯০তম সদস্য হবে।
ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, সন্ত্রাস দমন, নিরাপত্তা ও অর্থনৈতিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে সিরিয়াকে ওয়াশিংটনের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্ক চালু করার সুযোগ দেওয়া হবে।
ট্রাম্প বলেছেন, এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়া যেন ‘অত্যন্ত সফল’ দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে—সেটাই তার চাওয়া। তার বিশ্বাস শারা তা পারবেন।
ট্রাম্প ও শারার ওই বৈঠকে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি ছিল না। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি (শারা) অত্যন্ত শক্তিশালী এক নেতা। প্রতিনিয়ত সংগ্রাম করতে থাকা এক দেশ থেকে তিনি এসেছেন। তিনি নিজেও একজন সংগ্রামী মানুষ।’