পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা ‘এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে চেষ্টা করছে।‘
একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে এবং একটি চুক্তি সম্ভব।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকটি এক পাতার ১৪ দফার একটি নথি, যা ভবিষ্যতে আরও বিস্তারিত পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা, নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করার মতো বিষয় থাকতে পারে।
অ্যাক্সিওস জানিয়েছে, তারা এ তথ্য পেয়েছে দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইটি সূত্রের কাছ থেকে, যাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্রগুলোর দাবি, চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত এই প্রস্তাবের অনেক শর্তই কার্যকর হবে না।
অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত দুইটি সূত্রও অ্যাক্সিওসের প্রকাশিত তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।