শুক্রবার চট্টগ্রাম বেতার কেন্দ্রের মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের অর্জনে বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে। হতাশা এবং গাত্রদাহ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচারের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তো দেশের জন্য গিয়েছেন। জাপান বিভিন্ন প্রকল্পে ৩০ বিলিয়ন ইয়েন সহায়তার চুক্তি করেছে। যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ওয়াশিংটনে নিয়ে গেছে। সাপ্তাহিক ছুটির দিনে তারা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং ২ দশমিক ২৫ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে। বিএনপি এই অর্জনগুলো মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপন করছে কেন সেটিই আমার প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম সাহেবদের বলব, দেশের জন্য প্রধানমন্ত্রী যেই সহযোগিতা ও সম্মান বয়ে এনেছেন সেজন্য তারাও সম্মানিত বোধ করতে পারেন।