calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সম্পাদকীয় / সুষ্ঠু নির্বাচনের অন্তরায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

সুষ্ঠু নির্বাচনের অন্তরায়

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল পাস করে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা আবারো হরণ করা হলো। ৪ জুলাই সংসদে পাস হওয়া আইনের নতুন সংশোধনীর ফলে নির্বাচনী বিধি যতই লঙ্ঘিত হোক এখন থেকে নির্বাচন কমিশন আর কোনো আসনের পুরো...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ • দুপুর ১২:৩৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৩৫৪ বার পঠিত

সংশোধনীতে শুধু ইসির ক্ষমতাহরণই নয়, ঋণখেলাপিদের নির্বাচন করার বাড়তি সুযোগও দেয়া হয়েছে। আগে মনোনয়নপত্র জমা দেয়ার সাত দিন আগে যেসব ঋণ পরিশোধের বিধান ছিল, সংশোধনীতে সেগুলো আগের দিন পর্যন্ত পরিশোধের সুযোগ দেয়া হয়েছে। এসব ঋণের মধ্যে আছে ক্ষুদ্রঋণ ও টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ এবং পানির মতো সরকারি পরিষেবার বিল। বিলটি বাছাই কমিটিতে পাঠানোর বিরোধীদের প্রস্তাব আমলে নেননি আইনমন্ত্রী।
এই নতুন বিধিবিধান যে একমাত্র ক্ষমতাসীন দলের সুবিধা বিবেচনা করে করা হয়েছে তাতে সন্দেহ নেই। বিষয়টি স্পষ্ট হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্যে। দুর্নীতিবিরোধী সংস্থাটি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এটি হলো নির্বাচনী ব্যবস্থায় ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।
সংসদে বিল পাসের আগে গত শুক্রবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর অক্টোবরে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করে অনিয়মের প্রমাণ পেয়ে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছিল কমিশন। কমিশনের এ পদক্ষেপ ক্ষমতাসীন দলের দুশ্চিন্তার কারণ হতে পারে মর্মে পর্যবেক্ষকদের অনেকের মধ্যে যে ধারণা সৃষ্টি হয়েছিল, এই সংশোধনী তার যথার্থতাই প্রতীয়মান করে। সংশোধনীতে প্রস্তাবিত ‘ইলেকশন’-এর স্থলে ‘পোলিং’ প্রতিস্থাপন শুধু শব্দগত পরিবর্তন নয়, এর ব্যাপকতা অনেক বেশি। এই বিল পাসের মাধ্যমে কমিশনের ক্ষমতা খর্ব করা হলে তা দেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে আস্থাহীনতার সঙ্কট আরো ঘনীভূত করবে।
জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বিলটি পাসের সময় জাতীয় সংসদে বলেন, এ আইনে যেটি হচ্ছে তাতে দেশে নিরপেক্ষ নির্বাচন এবং এই কমিশন দিয়ে নির্বাচন করা সম্ভব হবে বলে মনে করি না। তিনি বলেন, আগের দিন পর্যন্ত ঋণ পরিশোধের বিধানের মাধ্যমে আমরা ঋণখেলাপিকে নির্বাচনে আমন্ত্রণ জানিয়েছি।
গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, বর্তমান সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা এমনভাবে ধ্বংস করা হয়েছে যে, মানুষ এখন ভোটবিমুখ। তার ভাষায়, দেশে আইন হয় ব্যক্তি, গোষ্ঠী ও সরকারের স্বার্থে। নির্বাচনের আগে আরপিওর এমন সংশোধনী গ্রহণযোগ্য নয়।
নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার দাবিতে আন্দোলনরত মাঠের প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, সরকারি দল নিজেদের স্বার্থে আরপিও সংশোধন করেছে। বার্তা সংস্থা ডয়েচে ভেলেকে বিএনপির আইন-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জার্মান বলেন, ‘এই নির্বাচন কমিশন সরকারি দলের আজ্ঞাবহ। তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব নয়। এই সরকার বা নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। তাই নির্দলীয় কোনো সরকার যদি আসে তখন এসব আইন টিকবে না। তখন জনগণের স্বার্থে আইন হবে। গ্রহণযোগ্য ভোটের স্বার্থে আইন হবে।’
আমরা মনে করি, আরপিওর এই সংশোধনী দুরভিসন্ধিমূলক। এটি নির্বাচন প্রভাবিত করার আয়োজন মাত্র। এতে দেশের নির্বাচনপ্রক্রিয়ায় মানুষের আস্থাহীনতা আরো বাড়বে।

tag ট্যাগ: #1111