এদিকে এ নিয়ে গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ঘটতে পারে সংঘর্ষও।
গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, রেজাপন্থীরা যেকোনো মূল্যে ১০ জুলাই অনুষ্ঠেয় কাউন্সিল প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্য ছাড়াও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরাও নুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ উল্লেখ করে লিখিত আবেদন করছেন দলটির অন্তত ৫০ কেন্দ্রীয় নেতা। আজকের মধ্যেই তারা লিখিত আবেদনপত্র নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন বলে সূত্র নিশ্চিত করেছে।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুহিন বলেন, অসাংগঠনিক সিদ্ধান্ত আমরা মানি না। নিজের কর্তৃত্ব পাকাপোক্ত করতে নুরুল হক নুর স্বৈরাচারী সিদ্ধান্তে রেজা কিবরিয়াকে বহিষ্কার করেছে। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্য এই সিদ্ধান্ত মানে না। এমনকি ৫০ জন কেন্দ্রীয় নেতা নির্বাচন কমিশনের কাছে এই একনায়কতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লিখিত আবেদন করবেন।