বুধবার ঢাকার সাভার, মিরপুর, উত্তরা ও কুমিল্লার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– ফাইজুল মল্লিক, আশরাফুল প্রত্যয়, সাফিন রহমান ও তামিম রহমান।
বৃহস্পতিবার সিআইডি মুখপাত্র আজাদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে গত ২১ মে দেশে টেলিগ্রামের পমপম গ্রুপ পরিচালনার মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তখন বিষয়টি বেশ আলোচনায় আসে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তাররা কিশোরী-তরুণীদের ব্ল্যাকমেইল করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিও আদায়ের পাশাপাশি অর্থ দাবি করত। এসব ছবি-ভিডিও বিক্রি করে তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।
আজাদ রহমান জানান, অতি অল্প বয়সে অনলাইনের অন্ধকার জগতে ঢুকে পড়েছে অভিযুক্ত তরুণরা।