এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে মহানগর দক্ষিণ বিএনপির মিছিল কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়। মিছিলটি মালিবাগ রেলগেটে গিয়ে শেষ হয়। দুপুরে জুমার নামাজের পর থেকেই দলের নেতা-কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুবাস্তু টাওয়ার ও কমলাপুর স্টেডিয়ামের সামনে জড়ো হতে থাকেন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন সংসদ নির্বাচনের দাবিতে গত ৯ আগস্ট বিএনপি গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয়।
এর আগে গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপিসহ সমমনা জোটগুলো অবস্থান কর্মসূচি পালন করেছিল। গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎ ভাবে 'এক দফা'র ঘোষণা দেয়। তাদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।