এই নিবন্ধকার নিজে একজন প্রবীণ নাগরিক। বাংলাদেশে প্রবীণ নাগরিকদের হালচাল এবং বর্তমান বিশ্বায়নের প্রভাবে, বর্ধিত জনসংখ্যার চাপে ও জীবিকার প্রয়োজনে একান্নবর্তী পরিবার ভেঙে ছোট পরিবারে পরিণত হয়েছে। ফলে অর্থনৈতিক পরিকাঠামোও সব পরিবারে এক নয়। প্রত্যেকটি পরিবারের সদস্য সংখ্যা ভিন্ন ভিন্ন। ফলে প্রবীণ নাগরিকদের সমস্যা এবং জীবনশৈলীও ভিন্ন হতে বাধ্য।
বর্তমানে আমরা যদি আর্থিক দিক থেকে বিভাজন করি, তাহলে দেখতে পাই, বাংলাদেশে চার শ্রেণির লোকের বসবাস। প্রথম শ্রেণি হলো উচ্চবিত্ত। দ্বিতীয় মধ্যবিত্ত, তৃতীয় নিম্নমধ্যবিত্ত ও চার নম্বরে আছে নিম্নবিত্তের পরিবার। এই চার শ্রেণির পরিবারেই প্রবীণরা আছেন। প্রতি শ্রেণিতেই প্রবীণ নাগরিকের সংখ্যা ক্রমবর্ধমান। বর্তমানে বাংলাদেশে আয়ু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সেটা সম্ভব হয়েছে কলেরা, গুটি বসন্ত, প্লেগ ইত্যাদি মহামারীর প্রতিরোধ ব্যবস্থা ও ক্ষয়রোগের চিকিৎসার উন্নতির ফলে। মানুষের আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। আর এই সমস্যার জন্য ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি বহুলাংশে দায়ী।