সংবাদ সম্মেলনে উপকমিশনার জানান, গত ১৭ সেপ্টেম্বর দুপুর পৌনে ২টার দিকে মোহাম্মদপুরের রিং রোডের ডাচ্-বাংলা ব্যাংক থেকে টাকা তুলে পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মো. ইসরাফিল। সে সময় হঠাৎ তার সামনে দাঁড়ায় একটি প্রাইভেটকার। র্যাবের জ্যাকেট পরা দুই ব্যক্তি তাকে গাড়িতে তুলে মারধর করে ব্যাগে থাকা ৫ লাখ ৪৫ হাজার এবং পকেটের আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে শেরেবাংলা নগরে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভগ্নিপতি মোহাম্মদপুর থানায় মামলা করেন। তদন্তে নেমে এমন আরও কয়েকটি ছিনতাইয়ের তথ্য পাওয়া গেছে।
উপকমিশনার জানান, শ্যামলীর ডাচ্-বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের আশপাশের এলাকা ও আসামিদের যাত্রাপথের প্রায় ২০০ সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছে পুলিশ। একটি সন্দেহজনক গাড়ির অবস্থান শনাক্ত করা হয়। কয়েক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। একপর্যায়ে ডাচ্-বাংলা ব্যাংকের ভেতরে সন্দেহজনক ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থান পাওয়া যায়। পরে প্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জড়িত চক্রটিকে শনাক্ত করা হয়। চক্রটি ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় দীর্ঘদিন ধরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরা ব্যক্তিদের র্যা ব পরিচয়ে গাড়িতে তুলে সর্বস্ব লুট করত।