বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চয়ই উৎপাদন ও চাহিদার মধ্যে বড় ধরনের কোনো ঘাপলা আছে। তা না হলে সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো চক্র বিদ্যুৎ বিতরণ নিয়ে কারসাজি কিংবা ষড়যন্ত্র করছে। এর খেসারত দিতে হচ্ছে গ্রামের নিরীহ মানুষকে। বাস্তবতা যাই হোক, সংশ্লিষ্টদের কাছে নিশ্চয়ই এর সদুত্তর রয়েছে।
আমরা মনে করি, এ লুকোচুরির দ্রুত অবসান হওয়া দরকার। কারণ কৃষিকাজে সেচের জন্য তো বটেই, নানা অর্থনৈতিক কর্মকাণ্ডে গ্রামীণ জীবনও এখন বিদ্যুতের ওপর নির্ভরশীল। দিনের অর্ধেকেরও বেশি সময় যদি গ্রামের মানুষকে অন্ধকারে ডুবে থাকতে হয়, তাহলে দেশের অগ্রযাত্রার যে কথা বলা হয়ে থাকে, তা স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে।
উৎপাদনের ধারা অব্যাহত রাখতে সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। মূল্যবৃদ্ধির বিনিময়ে জনগণ যেটা চায়, সেটা হলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। কাজেই গ্রামাঞ্চলে যে হারে লোডশেডিং হচ্ছে, এর দ্রুত অবসান হওয়া দরকার। সরকার বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।