ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আগের রাতে কিছুটা বৃষ্টি হয়েছিল, এর জন্য টস জয়টা ভালো ছিল। উইকেট পেসারদের জন্য সহায়ক ছিল। কিন্তু আমাদের শুরুটা ভালো হয়নি।’
তিনি আরো বলে, ‘আপনি যখন তাদের সুযোগ দিবেন তারা অবশ্যই আপনার ওপর আক্রমণাত্মক হয়ে উঠবে। আমরা শেষ ১০ ওভারে ভালো করেছি, কিন্তু ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন।’
এমন কন্ডিশন সাধারণত বল সুইং করার জন্য আদর্শ। কিন্তু পেসাররা সেটি করতে না পারায় ইংল্যান্ড ওপেনার মালান অনায়াসে রান করে গেছেন।
বড় হারের এই ম্যাচে বোলিংয়ে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম সম্পন্ন করতে পারে বাংলাদেশ। তাই আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে।
স্লো ওভার রেটের ক্ষেত্রে বরাদ্দকৃত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।
ম্যাচের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের রেফারি জাভাগাল শ্রীনাথ এ জরিমানার প্রস্তাব করেন। অধিনায়ক সাকিব তা মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। আগামী শুক্রবার চেন্নাইতে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।