ভারত ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৮ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ১২। নেট রান রেটে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা ও তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা শেষ গ্রুপ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বাংলাদেশের। তাই কারও পক্ষে শীর্ষে থাকা ভারতকে ছোঁয়া সম্ভব নয়। আর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া শেষ ম্যাচ হেরে গেলেও অন্যদের পক্ষে এ দুই দলকে টপকানো সম্ভব না।
যার মানে, ১৬ নভেম্বর কলকাতার ইডেনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সেমিতে মুখোমুখি হচ্ছে। ১৫ নভেম্বর শীর্ষে থাকা ভারতের মুখোমুখি হবে চার নম্বরে থাকা দল। সে চার নম্বর দল হতে আগামী ক’দিন চলবে তিন দলের লড়াই। আজ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আগামীকাল আফগানিস্তান খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। এ দুই ম্যাচের ফলাফল দেখে ১১ নভেম্বর পাকিস্তান খেলতে নামবে ইংল্যান্ডের বিপক্ষে।