২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে অংশ নেওয়া পাঁচ খেলোয়াড় যথাক্রমে রোহিত, কোহলি, কে এল রাহুল, বুমরাহ ও জাদেজা বর্তমান ভারতীয় স্কোয়াডে আছেন। আজ এই পাঁচজনেরই খেলা প্রায় নিশ্চিত। শেষ চারে মাঠে নামার আগে ভারতের কোচ রাহুল দ্রাবিড় গতকাল বলেন, ‘এই মুহূর্তে সব দলই টুর্নামেন্টের শেষ ধাপে রয়েছে, এখানে আর ভুলের সুযোগ নেই। ভারতের ওপর কিছুটা হলেও প্রত্যাশার চাপ থাকবে। কিন্তু আমি বিশ^াস করি সেই চাপ সামলে আমরা ভালোভাবেই ম্যাচটি উপভোগ করতে পারব। নিজেদের ওপর আমাদের সেই আস্থা আছে’।
গত মাসে ধর্মশালায় লিগ পর্বে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছিল ভারত। ড্যারিল মিচেলের ১৩০ রান সত্ত্বেও ভারত কিউইদের ২৭৩ রানে আটকে দেয়। শামি ৫৪ রানে নিয়েছিলেন ৫ উইকেট। কোহলির ৯৫, জাদেজার অপরাজিত ৩৯ রানে ভারতের জয় নিশ্চিত হয়।
ওয়াংখেড়ে স্টেডিয়াম ভারতীয় অধিনায়ক রোহিতের হোম গ্রাউন্ড। এ মাঠেই লিগ পর্বে শ্রীলঙ্কাকে মাত্র ৫৫ রানে গুঁটিয়ে দিয়ে ৩০২ রানের বিশাল জয় পেয়েছিল স্বাগতিকরা। ৩৬ বছর বয়সী ওপেনার রোহিতের আগ্রাসী ব্যাটিংয়ে ভারত বড় পুঁজি পায়। ধারণা করা হচ্ছে এটাই তার শেষ বিশ^কাপ। রোহিত প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘রোহিতের নেতৃত্বগুণ নিয়ে কোনো সন্দেহ নেই। সে আমাদের জন্য প্রায় প্রতি ম্যাচে দারুণভাবে শুরু করেছে।’
অন্যদিকে শেষ দুই বিশ^কাপের সেমিফাইনালে পরাজিত দল নিউজিল্যান্ড এবারের আসরে লিগ পর্বে প্রথম চার ম্যাচে জিতলেও পরের টানা চার ম্যাচে হেরে যায়। মুম্বাইয়ে কাল অনুশীলনের আগে কিউই পেসার লোকি ফার্গুসন গণমাধ্যমকে বলেন,‘আমাদের দুই দলকেই আবারো শূন্য থেকে শুরু করতে হবে। আগামীকালের (আজ) ম্যাচটি ভিন্ন একটি ম্যাচ, নতুন দিন, আশা করছি চ্যালেঞ্জটা ভালই হবে।’
চার বছর আগে ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত বিশ^কাপের সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালের টিকেট পেয়েছিল নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়িয়েছিল। এ প্রসঙ্গে ফার্গুসন বলেন, ‘সে সময়ের অনুভূতি সত্যিই আমাদের সকলের জন্য বেশ আনন্দের ছিল। কিন্তু চার বছর পার হয়ে গেছে। এর মধ্যে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি।’ ভারতের মতো নিউজিল্যান্ড দলেও পরীক্ষিত বিশ^মানের ব্যাটার রয়েছেন। অধিনায়ক কেন উইলিয়ামসনের দক্ষতা ইতোমধ্যেই প্রমাণিত। ইনজুরি থেকে সুস্থ হয়ে টুর্নামেন্টে ফিরে এসে পাকিস্তানের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলেছেন তিনি। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি অভিজ্ঞ পেসার হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন ফার্গুসন। বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার ইতোমধ্যেই ১৬ উইকেট নিয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন।
তবে এবারের বিশ^কাপে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সম্পদ ২৩ বছর বয়সী রাচিন রবিন্দ্র। তাকে নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে ভারতকে। ভারতীয় বংশোদ্ভূত এই বাঁ-হাতি ব্যাটার ইতোমধ্যেই তিন সেঞ্চুরিসহ ৫৬৫ রান করেছেন। এটাই রাচিনের প্রথম বিশ^কাপ।