সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে আমি আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি সবসময় ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকব। আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে নৌকা হেরে যাবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটাররা নৌকার বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করছি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থী হয়েছেন আটজন। এর মধ্য আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার।
এছাড়া আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব তরমুজ প্রতীকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর মুহাম্মদ ফেরদৌস আলম চেয়ার প্রতীকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ হামিদ উল্লাহ মোমবাতি প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজম চৌধুরী লাঙ্গল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান ঈগল প্রতীক নিয়ে, বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুফদ্দীন আহমদ একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে নির্বাচনের আগমুহূর্তে সরে দাঁড়ালেন তিনি।