তবে ২০২৪ সালে এখনও পর্যন্ত তিনি তার কোনো কাজেরই আপডেট দেননি। তবে তার আগেই তাকে কাতারে দেখা গেল। অভিনয়ের পাশাপাশি শাহরুখ খেলাধুলা ভীষণ ভালোবাসেন। ক্রিকেট হোক বা ফুটবল এই সব বিষয়ে দারুণ আগ্রহ তার। কাতারে বসেছিল এবারের এশিয়া কাপ ফাইনালের আসর। মুখোমুখি হয়েছিল কাতার ও জর্ডান। এই প্রথম ফাইনালে পৌঁছাল জর্ডান। আর সেই জন্যই ফুটবল ম্যাচ দেখতে হঠাৎ কাতারে হাজির হয়েছিলেন শাহরুখ।
শাহরুখ মাঠে বসেই জর্ডান বনাম কাতারের হাই ভোল্টেজ ফুটবল ম্যাচটি দেখতে চেয়েছিলেন। তাই তার ম্যানেজার পূজা দাদলানি এবং গোটা পিআর টিমের সঙ্গে কাতারে যান এশিয়া কাপ ফাইনাল দেখার জন্য। ফাইনালে জিতে এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কাতার। এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় দোহার লুসাইল স্টেডিয়ামে। আর সেখানকার কিছু ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
শাহরুখ খানকে এদিন একটি সাদা টিশার্টের সঙ্গে হালকা হলুদ রঙের প্যান্ট পরে থাকতে দেখা যায়। সঙ্গে তার চেনা লুক অর্থাৎ ঝুঁটি বাঁধা ছিল। চোখে ছিল সান গ্লাস। তবে এদিন তিনি মাঠে বসে কোন দলকে সমর্থন করেছেন সেটা ঠিক স্পষ্ট নয়।
এদিকে শাহরুখ খানের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, প্রশংসা করেছেন কিং খানের। এক ব্যক্তি লেখেন, গ্লোবাল স্টার। আমাদের গর্ব শাহরুখ খান। কেউ আবার তাকে তুলোধুনোও করেন এই পোস্টে। একজন লেখেন, ভারত যখন খেলল কোথায় ছিলেন তিনি? কেউ আবার জানান, তিনি আদতে কাতারে একটি গয়নার এক্সিবিশনে গেছেন, সেখান থেকে ফাঁক পেয়ে খেলা দেখতে যান, যদিও সেই খবর কতটা সত্য সেটা নিশ্চিত নয়।