বিএনপির নেতারা বলেছেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে আয়োজিত মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের পর বিএনপিতে যে ছন্নছাড়া পরিস্থিতি বিরাজ করেছিল, সেটি এখনও রয়ে গেছে। নির্বাচনের পরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে এলেও এখন আন্দোলন-সংগ্রাম নিয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দলটি। ফলে, সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের মূল যে দাবি, সেখান থেকে মনোযোগ কমে গিয়ে ইস্যুভিত্তিক কর্মসূচি পালন করে সময় পার করছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা আন্দোলন কিংবা দাবি আদায়— কোনোটা থেকেই সরে আসিনি। আমাদের আন্দোলন চলমান। রমজান মাস সংযমের মাস। এ ছাড়া, আমাদের নেতাকর্মীরাও দীর্ঘদিন কারাভোগের পর বেরিয়ে এসেছেন। অনেকে অসুস্থ, তারা চিকিৎসাধীন আছেন। সবমিলিয়ে এখন একটা অবস্থার মধ্য দিয়ে সময় পার হচ্ছে। সঠিক সময়ে আবার সবকিছু শুরু হবে।’