এই ম্যাচ শেষে শান্ত বলেন,‘কিছুটা ধীরগতির থাকলেও উইকেট ভালো ছিল। কিন্তু আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। এখন পর্যন্ত আমার সব ঠিক আছে। এখানে খেলা উপভোগ করছি এবং আমি আরও ভালো কিছু করতে পারবো বলে মনে করছি।’ তিনি আরও বলেন, ‘আজকে (গতকাল) টপ অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বোলাররা তাদের ফর্ম ধরে রাখবে। ভারতের বিপক্ষে পরের ম্যাচে আগামীকাল (আজ) নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে তারা।’
এই ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবারের দেখায় সবগুলো ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।
পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, ভারতের বিপক্ষে বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরম্যান্স দেখিয়েছে। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াইয়ের দিক দিয়ে ভালো অবস্থায় ছিল ভারত। বাংলাদেশ-ভারত ম্যাচ প্রতিবারই বাড়তি উন্মাদনা তৈরি করে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাকী অন্য ক্ষেত্রে সবসময়ই ভারতকে হারানোর সুযোগ তৈরি করে টাইগাররা।
আজকের ম্যাচে ভারতকে হারাতে না পারলে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে তারা।
অজিদের বিপক্ষে খেলে অ্যান্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। তবে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে বার্বাডোজ থেকে অ্যান্টিগায় যেতে হবে ভারতকে। আর ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু ভেন্যু পরিবর্তন বা ভ্রমণ করতে হবে না তাদের। ফলে ভারত ম্যাচের আগে সুবিধাজনক অবস্থায় থাকবেন শান্তরা।
বিভাগ : খেলাধুলা