জয়নুল আবদিন ফারুক বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে গর্ব করা দেশটির রাজধানী দিল্লির একটি পার্কে হেঁটে বেড়াচ্ছেন শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসক। অথচ ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে গর্ব করে। তিনি বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, সেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, যাঁর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাঁকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়া সিন্ডিকেটের সঙ্গে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত দাবি করে জয়নুল আবদিন ফারুক বলেন, আলু সিন্ডিকেট, পেঁয়াজ সিন্ডিকেট ও চিনি সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা আবারও সতর্ক হয়ে ষড়যন্ত্র করছে।
আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেও জানান বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, ‘আমরা যত বেশি অপেক্ষা করব, তত বেশি তারা নিজেদের জাহির করবে...। তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের থাবা ভাঙতে হবে।’