শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার আগে বাফুফের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে বিজয়ের খবর জানান।
তাবিথ আউয়ালের সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তাবিথ আউয়াল। এ সময় তারেক রহমান সততার সঙ্গে দায়িত্ব পালন করতে তাবিথকে বিশেষ নির্দেশনা দেন।
গতকাল অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফের সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল। নির্বাচনে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। নির্বাচন কমিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।