নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘাই গ্রামের বিপ্লব মহুরী হবিবুর রহমানের আগের পক্ষের মেয়ে সাবরিন আক্তারের কাছ থেকে ৭ শতক জমি কিনেছেন বলে দাবি করেন। শনিবার ওই জমিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের চেষ্টা করা হয়। এ সময় হবিবুর রহমান মাটি ভরাট কাজে বাধা দিতে গেলে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বৃদ্ধ হবিবুর রহমান মাটিতে পড়ে গেলে তার ওপর দিয়ে ট্রাক্টরটির চালিয়ে দিয়ে পালিয়ে যান চালক। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান।
নিহত হবিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, বিপ্লব মহুরি আমার সৎ বোন সাবরিন আক্তারের কাছ থেকে ৭ শতক জমি কিনেছেন দাবি করে সেখানে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের চেষ্টা করেন। বিষয়টি জেনে আমার বাবা মাটি ভরাট কাজে বাধা দিতে গেলে তাকে ট্রাক্টরের নিচে ফেলে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিপ্লব মহুরি যদি জমি কিনে থাকেন, তাহলে মুরুব্বিদের সাথে বসে সেটা বুঝে নেবেন। কিন্তু তিনি জোর করে মাটি ভরাট করতে এসেছেন।
এ বিষয়ে বিপ্লব মহুরির বলেন, রবিবার আমি আমার শেরপুর বাসায় আসি, কারা আমার জমিতে মাটি ভরাট করতে গেছে আমি জানিনা। আমি কোনো লেবার বা মাটি ভরাট করতে লোক পাঠাই নাই৷
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, জমি সংক্রান্ত একটা অভিযোগ রবিবার পেয়েছি। আমরা পুলিশ পাঠিয়ে দুই পক্ষকে সমাধান না হওয়া পর্যন্ত স্থিতি থাকতে বলেছিলাম। তারপরও ওই জমিতে মাটি ভরাট করতে গিয়ে একটা দূর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।