এই নির্দেশনা জারির কারণ হিসেবে সেখানে বলা হয়, দেশে নগদ অর্থের ব্যবহার কমানোর লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে। ডিজিটাল লেনদেন বাড়ানোর দিকেই মনোযোগ দেওয়া হয়েছে এতে।
সার্কুলারে আরও বলা হয়, ইন্টার-অপারেবল লেনদেনে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা এমএফএস প্রতিষ্ঠান তাদের গ্রাহকের কাছ থেকে নির্ধারিত চার্জ আদায় করবে।
ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ১ টাকা ৫০ পয়সা। এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ৮ টাকা ৫০ পয়সা। ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনে লাগবে ১ টাকা ৫০ পয়সা। আর ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে লেনদেনে চার্জ হবে প্রতি হাজারে ২ টাকা।
প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।
এছাড়া ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নিজস্ব লেনদেন সীমার মধ্যেই এ সেবা চালাবে। তবে এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।