চোট কাটিয়ে নিয়মিত অধিনায়ক লিটন দাস ফেরায় দল হয়েছে আরও উজ্জীবিত। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে গত এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন।
ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। টি-টোয়েন্টিতে সবশেষ ৭ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক লিটন।
বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে গুরুত্বসহকারে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘সত্যি বলতে, সামনের দুই সিরিজ আমাদের খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হবে। এই দুই সিরিজে ভাল পারফরমেন্স করলে বিশ্বকাপে আমরা উপকৃত হব।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতলে জয়-হারের পরিসংখ্যানে ক্যারিবীয়দের সমান হবে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।