অফিস সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে দাপ্তরিক সেবা প্রদানে অবহেলা ও অনিয়মের সত্যতা পাওয়ায় দপদপিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. আব্দুল মালেক এবং কুলকাঠি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে চরম গাফিলতির অভিযোগে নলছিটি উপজেলা কানুনগোকে তাৎক্ষণিকভাবে বরগুনার তালতলী উপজেলায় বদলির নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, সরকারি সেবায় কোনো ধরনের অবহেলা, দুর্নীতি বা সাধারণ জনগণকে হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না। ভূমি অফিসে আগত সেবাগ্রহীতারা যাতে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ঘটনায় নলছিটি ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।