পুলিশ জানায়, দুই-তিন দিন আগে বখাটে দিলওয়ার মুন্সি নিহত আব্দুল জব্বার শেখের প্রতিবেশী এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। এ বিষয়ের প্রতিবাদ করলে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্কবিতর্ক হয়। তর্ক-বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। মো. রাজিব শেখের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।