মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টার পর তারা সায়েদাবাদের জনপথ মোড়ের পাশের সড়ক অবরোধ করে।
সিএনজি অটোরিকশা চালকেরা জানিয়েছেন, মালিকেরা তাদের কাছ থেকে দৈনিক এক হাজার ২৫০ টাকা জমা নেন। কিন্তু সরকার নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকা। সে হিসেবে মালিকেরা ৩৫০ টাকা বেশি নেন। সরকার নির্ধারিত জমা নেওয়ার দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।
তারা আরও জানিয়েছেন, অনেক সময় মালিকেরা একদিনে দুইজনের কাছেও গাড়ি দিয়ে জমা আদায় করে থাকেন। একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালান তার কাছ থেকে নেন ৯০০ টাকা। রাতে সিএনজি অটোরিকশা ভাড়া দেন আরেকজনের কাছে। তার কাছ থেকে নেন সাড়ে ৭০০ টাকা।
তাদের অভিযোগ, এভাবে মালিকেরা চালকদের শোষণ করছেন। অটোরিকশার জ্বালানি (গ্যাস) খরচ চালকদের দিতে হয়, তারওপর এত বেশি জমা দেওয়ায় তাদের আর কিছুই থাকে না, তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।