আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বিবিসি বাংলাকে বলেছেন, "খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর অনেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে। সেরকম লক্ষণ দেখে কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাদের নমুনায় রিওভাইরাসের অস্তিত্ব মিলেছে"।নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা সংগ্রহ করে পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করা হয়।
আক্রান্তদের থেকে যখন নমুনা সংগ্রহ করা হয়, তখন তাদের নিপাহ ভাইরাস নেগেটিভ ছিল। অন্য ভাইরাস আছে কি না দেখতে গেলে রিওভাইরাস পজেটিভ পাওয়া যায় ওই পাঁচজনের নমুনায়।আইইডিসিআর বলছে, মূলত নতুন রোগ সৃষ্টিকারী জীবাণুর ওপর নিয়মিত গবেষণার অংশ হিসেবে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল।