চিকিৎসক ও পুষ্টিবিদরা গরমের মৌসুমি সবজির উপরই ভরসা রাখছেন। গরমে কোন কোন সবজি খেলে থাকবেন ঠান্ডা ও চাঙ্গা—পুষ্টিবিদের পরামর্শে তা জানিয়েছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
ঝিঙে: এই সবজিটি মূলত গরমকালেই পাওয়া যায়। গরমে ঝিঙে দিয়ে ছোট মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। এই সবজিটিতে প্রচুর মাত্রায় ফাইবার ও জলীয় উপাদান থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে।
শশা: শশা সবসময়ই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর মধ্যে যে সিলিকা নামক উপাদান থাকে তা শরীরকে ডিটক্স করে ত্বক ভালো রাখতে সাহায্য করে।
চালকুমড়া: এই সবজি খানিকটা লাউয়ের মতোই আমাদের শরীরকে শীতল রাখে। এতে প্রচুর মাত্রায় জলীয় উপাদান থাকে যা গরমে শরীরে জলের ঘটতি মেটায়।
চিচিঙ্গা: সবজিটি গরমকালে মেলে। এটি গরমে তাপজনিত ক্ষতির হাত থেকে শরীরকে রক্ষা করতে পারে।
ঢ্যাঁড়স: গরমের এই সবজি ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত গরমে শরীরকে শীতল রাখে সঙ্গে ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে।