নিহতের স্বজনদের বরাতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন বলেন, ‘‘শনিবার রাতে সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন ওবায়দুলসহ কয়েকজন। এসময় বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ওবায়দুল মারা যান। পরে ভারতের মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যান। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছেন।’’
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার (সিও) কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘‘ভারতের ২০০ গজ অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।’’
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘লোকমুখে শুনেছি, সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন। বিষয়টি ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ককে মুঠোফোনে জানিয়েছি।’’