জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা তিলোত্তমা রায় তমার উপস্থাপনা ও কুচকাওয়াজ পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ফাতেমার স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারের জন্য উচ্চারণ করেননি। এ কারণে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বয়কট করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মিছিল করে সমাবেশস্থল থেকে বেরিয়ে যান বিএনপি নেতাকর্মীরা। পরে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের মাধ্যমে ইউএনও নাহিদ ফাতেমা ক্ষমা চেয়ে পুনরায় বক্তব্য প্রদান করার শর্তে বিএনপির নেতাকর্মীদের অনুষ্ঠানে ফিরিয়ে আনা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা থাকার পরেও উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি একবারের জন্য উচ্চারণ করার প্রয়োজন মনে করেননি। তার প্রতিবাদে আমরা অনুষ্ঠান বর্জন করে বেরিয়ে এসেছিলাম। পরে ইউএনও ক্ষমা চেয়ে পূর্বের বক্তব্য প্রত্যাহার করে পুনরায় বক্তব্য প্রদান করার শর্তে আমাদের অনুষ্ঠানে ফিরিয়ে নিয়েছেন।
তিনি বলেন, আমরা এমন ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের দোসরমুক্ত বিজয়নগর উপজেলা প্রশাসন চাই।
এ বিষয়ে ইউএনও নাহিদ ফাতেমার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করে বক্তব্য নিতে চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।