বৃহস্পতিবার (২২ আগস্ট) ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ফেসবুকে বন্যাদুর্গত মানুষগুলোকে বাঁচানোর আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিসাব অবশ্যই বুঝে নেব। কখন কে গেট ছেড়েছে সব মনে রেখে অধিকার ঠিকই কড়ায় গণ্ডায় আদায় করা হবে। শুধু এই মুহূর্তে দরকার মানুষগুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে। কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার। এই মানুষগুলোই দেশ গড়বে।
সাফা আরও লিখেছেন, চলেন আরেকবার সাড়া দেই দেশের ছাত্র-জনতা, বুদ্ধিজীবী, উপদেষ্টা, নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ আর সকল সাধারণ মানুষ। আমরা যুদ্ধ করতে জানি হোক সেটা স্বৈরাচারের বিরুদ্ধে, হোক বা অমানুষ সৃষ্ট বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, আমরা যে পারি আরেকবার দেখাই। সকল ধরনের সহযোগিতা তৈরি করে ঝাঁপিয়ে পড়ি যার যার যতটুকুই সাধ্য আছে, সবটা দিয়ে।
সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধার কাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।